বাংলাদেশের স্থানীয় এলাকাগুলোতে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা মানুষের
অধিকার হিসেবে নয়, আনুকূল্য হিসেবে প্রদান করা হয় বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি
অব বাথের প্রো ভাইস চ্যান্সেলর রিসার্চ ড. জো ডিভাইন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশের কিছু জেলায় দারিদ্র্যতা হ্রাস পাচ্ছে। কিন্তু
কিছু জেলা ধীরে ধীরে আরো বেশি দরিদ্র হচ্ছে। এর বড় কারণ হচ্ছে এখানে অধিকার হিসেবে
সুযোগ-সুবিধা দেয়া হয় না, আনুকূল্য হিসেবে দেয়া হয়।
রোববার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত
প্রথম ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে ‘পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের
পথ অনুসন্ধান’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়।
বার্থ বলেন, বাংলাদেশ সবকিছুকে ডিজিটাল করার চেষ্টা করছে। সেখানে
স্থানীয় কুৎসিত রাজনৈতিক ব্যবস্থাপনা জড়িত, এ ব্যবস্থাপনায় কিছু মানুষকে সুবিধা প্রদান
করা হয়। এ সুবিধা ব্যক্তি বিশেষকে দেয়া হয় না। একটি গ্রুপকে দেয়া হয়, যারা সরকারি কর্মকর্তা,
নির্দিষ্ট সম্প্রদায়ের অথবা চেয়ারম্যানের আস্থাভাজন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ
কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন
শারমিন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, নেদারল্যান্ডসের
রেক্টর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের ড. আর আর গ্যানজেভোর্ট, যুক্তরাজ্যের
ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর রিসার্চ ড. জো ডিভাইন, সোয়াস
ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশতাক খান, সিটি ব্যাংক ব্যবস্থাপনা
পরিচালক (এমডি) মাসরুর আরেফিন প্রমুখ।










