চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের উদ্বোধন
হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) ভোররাত ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড
হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে মদিনাতে
যাত্রা করে।
উক্ত ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি
করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের
পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল
এজেন্টস অব বাংলাদেশ (আটাব), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার
কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট
মিডিয়ার প্রতিবেদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা হজযাত্রীদের কাছে দোয়া চান এবং
চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের
নিশ্চয়তা প্রদান করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে
৩৯৮ জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মদিনাতে যাত্রা করেন।










