দেশের সমৃদ্ধির জন্য উদ্ভাবনী শক্তিকে আরো প্রসারিত করতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশকে এগিয়ে নিতে উদ্ভাবনী শক্তিকে প্রসারিত করতে হবে। বর্তমান সরকার জনপ্রশাসনে কাজের গতিশীলতা, উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ইনোভেশনে জোর দিয়েছে।’

গতকাল দুপুরে বিটিআরসির বাস্তবায়িত উদ্ভাবনের ‘ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ইনোভেশন বলতে আমরা বুঝি একটি নতুন ও আধুনিক ধারণা, পদ্ধতি, প্রডাক্ট, প্রযুক্তি বা পরিকল্পনা যা একটি ব্যক্তি, সংস্থা বা সমাজ তৈরি করে বা প্রয়োজনীয় পরিবর্তন এনে থাকে। ইনোভেশন অনেকগুলো ফর্মে আসতে পার। যেমন প্রযুক্তিগত ইনোভেশন, প্রক্রিয়াবদ্ধ ইনোভেশন, পণ্য ইনোভেশন। এটি ব্যক্তিগত, সামাজিক এবং পেশাদার সর্বোপরি একটি দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।’

বিটিআরসির উদ্ভাবিত সেবাগুলো সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম, এনওসি অটোমেশন অ্যান্ড আইএমইআই ডাটাবেজ (এনএআইডি), ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর), অনলাইন লাইসেন্স ইস্যুয়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস), ইন্টার অ্যাক্টিভ জিআইএস ম্যাপ, ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস), কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। 

অনুষ্ঠান শেষে কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড ৭ ডিজিটাল সেবার মধ্যে শ্রেষ্ঠ উদ্ভাবনী সেবা নির্বাচন করা হয়। এতে স্পেকট্রাম বিভাগের এনওসি অটোমেশন অ্যান্ড আইএমইআই ডাটাবেজ (এনএআইডি) সেরা উদ্ভাবন হিসেবে মনোনীত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, কমিশনার মো. দেলোয়ার হোসাইন, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডুসহ বিটিআরসির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।