ফার্মা সলিউশন নামে বাজারে থাকা নকল ডায়েবেটিস টেস্টিং স্ট্রিপস সাত দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
সোমবার (২০ মে) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।










