দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদের, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আইন মন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন।
বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯০২টি প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের ৫৬টি নোটিশ পাওয়া গেছে। প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এবং বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। সরকারি বিলের ৪টি মধ্যে একটি কমিটিতে পরীক্ষাধীন এবং ৩টি সংসদে উত্থাপনের অপেক্ষায় আছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, আওয়ামী লীগের এমএ মান্নান, আসাদুজ্জামান নূর ও শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ পরিচালনা করবেন।
এর আগে অধিবেশনের শুরুতে সংসদে ‘সরকারি কর্ম কমিশনের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। পরে স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের সদস্য মো. আবদুল হাইয়ের মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মূলতবি করা হয়। অধিবেশন আগামী ৫ মে বিকেল ৫টায় আবার বসবে।










