বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে দেশের গণমাধ্যমকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে পরাজিত শক্তি জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে। তবে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে।
অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন, পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন। নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না।










