দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ
ভবনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ মে) কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন
শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ
করেন। এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জিএম কাদের, আবুল হাসানাত
আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলীয়
উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ
হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন।
বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য
সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন
বিকাল ৫ ঘটিকায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৯ মে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন সমাপ্ত
হবে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের
ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯০২টি
প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে
৫৬টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিস পাওয়া যায়নি। বেসরকারি বিলের নোটিস পাওয়া
যায়নি। ৪টি সরকারি বিলের কমিটিতে পরীক্ষাধীন ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ৩টি।
বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










