যশোরে একটি ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ও ছুরিকাহত করে সতের লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শহরের আগমনী মোটরসের স্বত্বাধিকারী ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক (২৫) দুপুরে টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেলে করে ব্যাংকে আসেন। ইমন নামে অপর একজন তার সঙ্গে ছিলেন। তারা ব্যাংকের সামনে আসার সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ বহনকারী এনামুলের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। তারা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তার দুই হাতে, বুক ও পেটে উপর্যুপরী ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। যাওয়ার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটায় ছিনতাইকারীরা। বোমার স্প্লিন্টারে ব্যাংকের এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা মারাত্মক জখম এনামুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন এনামুল জানান, তিনি প্রায় ১৭ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন ছিনতাইকারী তার উপর হামলা চালায়। তিনি শহরের বকচরের হাবিবুর রহমানের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, হাত, বুক ও পেটে ছুরিকাহত এনামুলের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আহমেদ, পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের চারিদিকে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরাগুলো থেকে ভিডিও চিত্র সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক দল ছিনতাইকারী আটকে অভিযান শুরু করেছে।










