সীমানা জটিলতায় আটকে থাকা যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বেনাপোল পৌরবাসী আন্দোলন কমিটি। গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নেতারা নির্বাহী আদেশে পুরনো সীমানায় নির্বাচনের দাবি জানান।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং তা প্রধান নির্বাচন কমিশনার অফিসে পাঠানোর দেয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় ২০১১ সালের ১৩ জানুয়ারি। পরে এ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় তিনটি ইউনিয়নকে পৌরসভার সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর পৌর মেয়র তার অনুসারীদের দিয়ে মামলা করিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করে আসছেন। ফলে পাঁচ বছর ধরে এ পৌরসভায় নির্বাচন হচ্ছে না। দেশের সর্বোচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি করানো হলেও পুনরায় মামলা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা হয়। বর্তমানে নয়টি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় পৌর এলাকার উন্নয়ন ও নাগরিকদের সেবা নিশ্চিত করতে নির্বাহী আদেশে পুরনো সীমানায় নির্বাচনের দাবি পৌরবাসীর।










