যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল এক রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান তার মনোনয়ন বৈধ ঘোষণা করে রুল জারি করেছেন। ফলে যশোর পৌরসভা নির্বাচনে (বর্তমানে মামলার কারণে ভোট স্থগিত) প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা থাকল না মারুফুল ইসলামের।
মারুফুল ইসলামের পক্ষে মামলাটি পরিচালনা করেন হাইকোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়ন অবৈধভাবে খারিজ করা হয়েছিল। যে অভিযোগে খারিজ করা হয়েছিল তা ভিত্তিহীন। ঋণ পরিশোধের কাগজপত্রসহ যাবতীয় ডকুমেন্ট আমরা আদালতে উপস্থাপন করেছিলাম। সব দেখেশুনে আদালতের বিচারক মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
সাবেক পৌর মেয়র ও বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম জানান, ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে আমার মনোনয়ন বাতিল ঘোষণা করে কমিশন। এরপর ৬ ফেরুয়ারি আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম। কিন্তু তিনিও বিষয়টি আমলে না নিয়ে বাতিল ঘোষণা করেন। এরপর মঙ্গলবার হাইকোর্টে রিট পিটিশন করা হয়। গতকাল আদালত আমার পক্ষে রায় ঘোষণা করেছেন।










