বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে ১০ হাজার ৫৭৫ কোটি টাকা আয় করেছে, যার পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৫০ শতাংশ বেশি। একই সঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে, তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।