যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ারের সমন্বিত জরিপে চলতি বছরে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সেরা চার শিক্ষক-গবেষককে সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সেরা চার শিক্ষক-গবেষকের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত যবিপ্রবির শিক্ষক-গবেষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমরান খান এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যে তিনজন গবেষক যবিপ্রবিকে একটি রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন, যবিপ্রবি পরিবারের তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।
যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা প্রমুখ।










