বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে হবে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পদ সৃষ্টি। এর মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটানো সম্ভব। এর জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ‘ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে এ বিষয়ে কেন আজ আবার নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘শ্রমিক ইশতেহার’ প্রসঙ্গে বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ ‘শ্রমিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এ ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের ওপরই বর্তাবে।
নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, আর শ্রমজীবী মানুষ সেই জনগণের একটি বিশাল অংশ। যেকোনো বিবেচনায় শ্রমিকরা রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শ্রমিকদের যেসব দাবি ইশতেহারে ওঠে এসেছে, আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নে এগিয়ে আসবে। দেশ ও জনগণের স্বার্থে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাজনীতিকদেরই নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী খান।
এতে আরো বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফুল ইসলাম।










