সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া পাঁচটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। জেলাগুলো হল রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া। আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চলমান তাপপ্রবাহ আরো কয়েক দিন চলবে। এ তাপপ্রবাহের মধ্যে রোববার থেকে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে নয়, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর ২ মে থেকে দেশের অন্যান্য জায়গায় বাড়বে বৃষ্টি। এ সময় উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ২, ৩ ও ৪ মে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।