যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ইসরাফিল হোসেনকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল স্পেশাল ট্রাইব্যুনাল জজ (জেলা জজ) আদালতের বিচারক সামছুল হক এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন যশোর সদরের ঘুনী মাঠপাড়ার মৃত সেকেন্দার আলী ওরফে সেক শেখের ছেলে ইউনুচ আলী শেখ, অভয়নগরের স্বরখোলা গ্রামের মৃত জয়নাল আবেদিন মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ও কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের মৃত এয়াকুল আলী খানের ছেলে ইউনুচ আলী খান।
স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে জানা গেছে, ইসরাফিল হোসেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০০৯ সালের ২১ ডিসেম্বর বেলা ২টার দিকে তিনি মণিরামপুর দোলখোলা মোড়ে ভাড়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অপরিচিত এক লোক মোটরসাইকেল ভাড়া নিয়ে যশোর সদরের দেয়াপাড়া ঘুনি গ্রামের ইউনুচের বাড়ি নিয়ে আসে। এরপর ইসরাফিল হোসেনের আর খোঁজ মেলেনি। তাকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেয়া হয়। পরে নিখোঁজের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে ইউনুচ, ইব্রাহিম ও মুজিবরকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকালে ২০১০ সালের ২৩ জানুয়ারি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনুচ শেখ ও ইব্রাহিমকে আটক করেন তদন্তকারী কর্মকর্তা। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করে। তাদের স্বীকারোক্তিতে অন্য আসামি ইউনুচ খানকে আটক করা হয়। আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন।










