দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকালে ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ। এবার ৩০ হাজার ১০০ টন আখ থেকে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার প্রমুখ।

জয়পুরহাট চিনিকলের এটি ৬০তম আখ মাড়াই মৌসুম। এ উপলক্ষে চিনিকলটির অধীন ১০টি সাবজোনের আখ ক্রয়কেন্দ্রগুলো এরই মধ্যে মেরামত ও সংস্কার করা হয়েছে। অন্যান্য ফসলের দামের সঙ্গে সংগতি রেখে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, এবার মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টালপ্রতি ৪৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা। এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চাষীদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে মূল্য বাড়ানোর ফলে আখ চাষে কৃষক আগ্রহী হয়ে উঠছেন বলেও জানান এ কৃষিবিদ।

জয়পুরহাট চিনিকল সূত্রে জানা গেছে, ২০২২-২৩ মাড়াই মৌসুমে ২৫ দিন মিল চালু থাকবে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২০ ভাগ। সে হিসাবে এবার ৩০ হাজার ১০০ টন আখ মাড়াই করে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ। এছাড়া দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী এ প্রতিষ্ঠানে চলতি মৌসুমে ছয় হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও  এরই মধ্যে ১ হাজার ৫৪০ একর জমিতে তা সম্পন্ন হয়েছে। রোগবালাইমুক্ত আখ উৎপাদনের লক্ষ্যে ১০টি সাব জোনে আড়াই শতাধিক আখচাষীকে এবার প্রশিক্ষণ দেয়া হয়েছে।

চিনিকল সূত্র আরো জানায়, আখ চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা হিসাবে গত আখ রোপণ মৌসুমে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হয়েছে। ঋণ পেয়েছেন ২ হাজার ৭০০ আখচাষী। সার ও উন্নতমানের আখ বীজসহ অন্যান্য উপকরণও পেয়েছেন। আখ মিলে সরবরাহ করার পর ঋণের টাকা পরিশোধ করতে হয়। ফলে ঋণ পরিশোধে চাষীদের কোনো বাড়তি চাপ থাকে না। গত ২০২১-২২ মাড়াই মৌসুমে ২১ হাজার ৪৪৯ টন আখ মাড়াই করে ১ হাজার ১৬২ টন চিনি উৎপাদন করা হয়েছিল বলেও জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক।