গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। এতে সারা দেশে তাপপ্রবাহের পরিধি কিছুটা কমেছে। তবে আজ বৃহস্পতিবার দেশের ১৫টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি।

গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দারবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক 

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থান পরিবর্তন করেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।