বাংলাদেশের অন্যতম সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তারা উৎসবের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন।

উৎসবের দ্বিতীয় দিন (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এ সময় আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানের উদ্‌বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মারিয়ম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ উপস্থিত থাকবেন।

শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ প্রদর্শন করা হবে। ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত এ ব্যতিক্রমধর্মী পরিবেশনায় নৃত্যাঞ্চলের ৪০০-এর অধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করবেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শিবলী মোহাম্মদ।

আগামীকাল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উৎসবের আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান ‘নৃত্যমালিকা’। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদী নৃত্যের সমন্বয়ে আয়োজিত ‘নৃত্যমালিকা’য় নৃত্যাঞ্চলের সিনিয়র শিল্পীদের পাশাপাশি ৩০০-এর অধিক শিল্পী অংশগ্রহণ করবেন।

সমাপনী অনুষ্ঠানে নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ বিশেষ নৃত্য পরিবেশনা করবেন।

এছাড়া রজতজয়ন্তী উৎসব উপলক্ষে ১২ ও ১৩ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হচ্ছে নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী। এতে প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নৃত্যাঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশনা, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র ও বিভিন্ন স্মারক প্রদর্শিত হচ্ছে।

তিন দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার হচ্ছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় শাহ সিমেন্ট।