রংপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, ‘‌রায়ে আসামির মৃত্যুদণ্ড দেয়ায় আমরা সন্তুষ্ট।’

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে যৌন নির্যাতন করেন জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়েটির বাবা ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা করেন। এরপর আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে লয়েটের মা ও বাবা মেয়েটির বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। এমনকি মেয়েটির নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। এক পর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করে মেয়েটি।