যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, সবাই মিলে কাজ করার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। কেননা সুস্থ পরিবেশ বজায় না থাকলে কখনই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবির নবনির্বাচিত কর্মচারী সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজের সভাপতিত্বে সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি, কর্মচারী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মচারী সমিতির সহসভাপতি এসএম রাজু আহমেদ।










