ঘূর্ণিঝড় রেমাল ও তার প্রভাবে অতিবৃষ্টিতে ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিতে রেমালের প্রভাব পড়েছে ৪৮টি জেলায়। 

এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে সাত-আটদিন লেগে যাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় ১৪ লাখ ৩০ হাজার ৬৫ হেক্টর আর আক্রান্ত ফসলি জমির পরিমাণ প্রায় ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর।

ঘূর্ণিঝড়ের সময় ১০ হাজার ৮৪৩ হেক্টর আউশ বীজতলা, ২১ হাজার ৪৩৪ হেক্টর আউশের জমি, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির বোরো জমির ধান, ৪ হাজার ৮২৬ হেক্টর জমির বোনা আমন, ৫২ হাজার ১৯০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, ২৯ হাজার ৭৪৯ হেক্টর পাট, ৭ হাজার ৫৩৬ হেক্টর তিল, ৩ হাজার ৫০৭ হেক্টর মুগ ও ২ হাজার ৪৪৪ হেক্টর জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলের মধ্যে আমের জমি ৪ হাজার ৭০৮ হেক্টর, লিচুর ১ হাজার ৫৭৫ হেক্টর ও ৭ হাজার ৬১৩ হেক্টর জমির কলা ক্ষতিগ্রস্ত হয়েছে।