বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি ও এলাকা পরিদর্শন করবেন তিনি। এ সময় ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন উপদেষ্টা।
এর আগে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সঙ্গে দেখা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে জেলা প্রশাসন।
জেলা কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লামার কাছে একটি গ্রামে স্থায়ী বাড়ি রয়েছে। আগুন দেয়া ঘরগুলো ছিল তাদের অস্থায়ী টং।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ত্রিপুরা সম্প্রদায়ের একজন প্রবীণ ছয়জন ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য এবং একজন বাঙালি মুসলমানকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন। এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিপুরা সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। সেই বিরোধের জেরেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের গ্রেফতারে কাজ করছে।










