চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ঘুরতে এসে জুনায়েদ নামে এক
স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে ঝর্ণার পানিতে গোসল করতে
নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত জুনায়েদ নগরীর মহসিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রদের
সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের
সপ্তম শ্রেণীর ছাত্র জুনায়েদ। দুপুর ১২টার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন। এ সময়
জুনায়েদ ঝর্ণার পানিতে নিখোঁজ হন। বাকি সবাই জুনায়েদকে খুঁজে না পেয়ে শহরে ফিরে আসেন।
এর পর বিকেলে জুনায়েদের বন্ধুসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে
জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় তল্লাশি শুরু করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম বলেন, খবর
পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি
দল রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










