নন-বন্ডেড কারখানাগুলোর জন্য স্থানীয়ভাবে কাঁচামাল সোর্সিংয়ের সুবিধা দিতে ব্যাক-টু-ব্যাক এলসি চালুর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানায় বিজিএমইএর একটি প্রতিনিধিদল।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। আলোচনায় বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান (বাবলু), আসিফ আশরাফ ও মো. শিহাবুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি শুল্ক ও বন্ডেড ওয়্যারহাউস সংক্রান্ত বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে। তারা জানান, বর্তমান নীতিমালায় নন-বন্ডেড কারখানাগুলো রফতানি কার্যক্রমে কাঁচামাল ক্রয়ের জন্য ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা পায় না। এতে এই কারখানাগুলো উৎপাদন ও রফতানিতে বাধার মুখে পড়ে।

বিজিএমইএ প্রতিনিধিদল এনবিআরকে অনুরোধ জানায়, নন-বন্ডেড কারখানাগুলোর জন্য নিয়ম সংশোধন করে ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা চালু করা হোক।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিজিএমইএর তোলা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি জানান, নন-বন্ডেড কারখানাগুলোকে ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দিতে কী কী উপায় রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

এ ছাড়া কাস্টমস সংক্রান্ত নীতিমালা সহজতর করার অনুরোধ জানায় বিজিএমইএ। আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামের ছাড়পত্রের প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করার বিষয়েও আলোচনা হয়।

এনবিআর চেয়ারম্যান বিজিএমইএর প্রস্তাবগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, এনবিআর সেবা দ্রুততর, সময় সাশ্রয়ী ও আরো কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।