দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। পল্টন থানার একটি বানোয়াট ও মিথ্যা মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।’

এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চপল্লীতে নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশ করতে না দেয়ার ঘটনা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন।