জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা দেয়ায় বাদীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও (জেলা জজ) রোস্তম আলী গতকাল দুপুরে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদী নন্দ রাণী মালী ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের শিকার হন বলে দাবি করেন। এ ঘটনায় ২২ এপ্রিল একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়। এতে বাদী নারাজি দিলে আদালত তা আমলে নেন। গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। আদালতে এসে বাদী নন্দ রাণী মামলাটি মিথ্যা বলে সাক্ষী দেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারক মিথ্যা মামলা করার দায়ে বাদীকে সাত বছরের জেল ও অর্থদণ্ড করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী। আসামিপক্ষে ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।