বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে আগামী ২৫ ডিসেম্বর তিনটি স্বল্প দূরত্বের ট্রেনের যাত্রা এক দিনের জন্য স্থগিত থাকবে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়। এর প্রেক্ষিতে দশটি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
এ বিশেষ ব্যবস্থাপনার কারণে রাজবাড়ী কমিউটার ট্রেনের রাজবাড়ী থেকে পোড়াদহ রুটে, ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পাবনা থেকে রাজশাহী রুটে এবং রোহনপুর কমিউটার ট্রেনের রোহনপুর থেকে রাজশাহী রুটে আগামী ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে।
ট্রেনগুলো এক দিনের জন্য বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের কাছে সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
চাহিদার ভিত্তিতে যে দশটি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে, সেগুলো হলো কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।
এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে। স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।










