জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, ১৬ জন চোর, সাতজন চিহ্নিত মাদক কারবারি, ৩৬ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িতরা।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের এন্টিকাটার, একটি মোবাইল, একটি স্কুল ব্যাগ, নগদ ৩৩০ টাকা, দুটি পুরাতন স্টিলের সিট ও একটি মেট্রোরেল লাইনের এক্সিম (লোহার পাত) উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ২৫০ গ্রাম গাঁজা ও ৯৫ পিস ইয়াবা।

ডিএমপি আরো জানায়, এই ২৪ ঘণ্টায় শহরের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৭৩টি মামলা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।