যশোরের চৌগাছায় স্বর্ণের গহনা চুরির অভিযোগে ভাড়াটে গৃহবধূকে (৩৫) নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে বাসার মালিকের স্ত্রী ও তার দুই মেয়ে। একই সঙ্গে ওই নারীর চার বছর বয়সী মেয়েকেও মারধর করা হয়। গত বুধবার রাতে চৌগাছা শহরের আট নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ার একটি বাড়িতে নির্যাতনের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গতকাল সকালে নির্যাতিত নারীর স্বামী তিনজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। দুপুরে বাসার মালিক জাফর ইমামের স্ত্রী সুলতানা রাজিয়া (৪৫) ও তার দুই মেয়ে জান্নাত আরা ইমাম (২৪) ও সুমাইয়া ফারজানাকে (২০) গ্রেফতার করে পুলিশ।

চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ বলেন, ওই নারীর শরীরে বড় ধরনের কোনো আঘাত আছে কিনা, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, নির্যাতনের পর গৃহবধূর চুল কাটার ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় বাসার মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।