চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে চট্টগ্রামে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।
গণ্ডামারা ইউনিয়নের মেম্বার আলী হোসেন জানান, ব্যাংক থেকে নেয়া ঋণের টাকার কিস্তি পরিশোধের জন্য যাচ্ছিলেন পারভীন আক্তার (৩৫)। পথে বজ্রপাতে তিনি মারা যান। এ সময় তার কোলে থাকা শিশুর চুল পুড়ে গেলেও সে বেঁচে গেছে। পারভীন আক্তার গণ্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী।
অন্যদিকে কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে নূরুল হুদা (৩৫) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা দেড়টার দিকে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে। নূরুল হুদা মৃত ছিদ্দিক আহমদের ছেলে।










