বান্দরবানের রুমা উপজেলার রোনিনপাড়া ও রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকায় যৌথ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১৯ মে) দুপুরে রুমা-রোয়াংছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফের গোপন আস্তানার সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান বণিক বার্তাকে বলেন, তিনজন নিহত হয়েছেন এমন খবর শুনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বণিক বার্তাকে জানান, অভিযান ও নিহতের বিষয়ে আইএসপিআর থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত যৌথ অভিযানে আটক ৮৭ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।










