দেশের স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভারতই আপনাদের বাঁচিয়েছে, বাঁচিয়ে রেখেছে। ফেলানীর লাশ যেমন কাঁটাতারে ঝুলছিল, তেমনি বাংলাদেশের স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে। এটা হতে দেয়া যায় না।’

গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা-নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়।

সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৭ জানুয়ারির নির্বাচন থেকে কম। তারা (সরকার) বলে, ভোট ফেয়ার (সুষ্ঠু) হয়েছে। তবে যে যতটুকু পেরেছে, সিল মেরেছে। গতকালের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭ জানুয়ারি নির্বাচন থেকে কম। তারা বলে, ভোট ফেয়ার হয়েছে। যে যতটুকু পেরেছে, সিল মেরেছে।’

আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন, ‘যে অত্যাচার করা হয়েছে তার পরও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায়। সেটা দমনোর ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী দেশেরও নেই। ক্ষমা পাওয়ার সময় পাবেন না। ক্ষমতার যত অপব্যবহার করেন, এর জবাব একদিন দিতে হবে। জবাব দিতে পারবেন কিনা জানি না। সেটি কি সহ্য করতে পারবেন? কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াসহ সবার মুক্তি চাই। শুধু তাই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই।’