ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৫৬ জন মারা গেছেন। বছরে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ২৯৫ জন। আর চলতি মাসের ১৮ দিনে প্রাণ হারিয়েছেন ৬৮ জন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তরে ২ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সঙ্গে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ৭৮ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ৫৬৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৫৫১ জনের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।










