দেশের স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা-নিঃশর্ত
মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার
ও সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতই আপনাদের
বাঁচিয়েছে, বাঁচিয়ে রেখেছে। ফেলানীর লাশ যেমন কাঁটাতারে ঝুলছিল, তেমনি বাংলাদেশের
স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে। এটা হতে দেয়া যায় না।
সরকারের জনসমর্থন শূন্যের কোটায় দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৭ জানুয়ারির নির্বাচন থেকে কম। তারা
(সরকার) বলে, ভোট ফেয়ার (সুষ্ঠু) হয়েছে। তবে যে যতটুকু পেরেছে, সিল মেরেছে।
খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের
দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সবার মুক্তি চাই, শুধু তাই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের
আন্দোলনে যারা কারাগারে আছেন সকলের মুক্তি চাই।










