প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম কার্যালয় ভাঙচুরের পর সেখানে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে, যা কারো কাম্য হতে পারে না। আমরা এ ঘটনায় বিস্মিত, উদ্বিগ্ন। সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের পরিবার ভীষণ শঙ্কায় রয়েছেন।

বৃহস্পতিবার রাতে কাওরান বাজারে প্রথম আলো কার্যালয় ও পরে ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডেইলি স্টার ভবনের সামনে হামলাকারীদের থামাতে গিয়ে হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, একজন সম্পাদককে নাজেহাল করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এ ছাড়া গত ১৮ ডিসেম্বর খুলনায় ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।