পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুর জেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক জয়পুরহাট জেলা দল। জয়পুরহাট জেলা দলের পক্ষে পেনাল্টি কিকে দুটি গোল করেছেন সোলেমান কিং।

জেলা পুলিশের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। পুলিশ সুপার বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং করোনায় ঝিমিয়ে পড়া খেলোয়ারদের চাঙ্গা করতেই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে।

রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, স্বাগতিক জয়পুরহাট এবং রাজশাহী জেলা এবং রংপুর বিভাগের দিনাজপুর ও রংপুর নিয়ে মোট ৮ জেলার অংশগ্রহণে গত ১৫ নভেম্বর শুরু হয় টুর্নামেন্ট। আজ ফাইনালে জয়পুরহাটের জয়ের মাধ্যমে খেলা শেষ হলো।