দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার
(২ মে) রাতে রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি। কিছু কিছু এলাকায় মুষলধারে হলেও রাজধানীর
বেশিরভাগ এলাকায়ই হয়েছে টিপটিপ বৃষ্টি। টানা এক মাসের তাপপ্রবাহের পর এই বৃষ্টি স্বস্তি
এনে দিয়েছে রাজধানীর প্রকৃতিতে।
রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা, গুলিস্তান,
যাত্রাবাড়ী, সদরঘাট, ইসলামপুরসহ আশপাশের একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।
রাত ১২টার দিকে বারিধারা, ভাটারা, কুড়িল এলাকায় শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। মাঝরাতে
মিরপুর, মোহাম্মদপুর ও কেরাণিগঞ্জ এলাকায় নামা বৃষ্টিতে কমে আসে পুরো ঢাকার তাপমাত্রা।
রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ে মেঘের গর্জন
আর বৃষ্টির মাত্রা। থেমে থেমে হলেও নগরীর প্রায় সমস্ত এলাকার মানুষ পান শীতলতার ছোঁয়া।
রাত ৩টায় নগরীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি বেড়ে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।










