রাজধানীর কাওরান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে দুই ফায়ার কর্মী গুরুতর অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের সেখানে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নেয়া ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত ২ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার। কাওরান বাজার প্রথম আলোর অফিস আগুন নেভাতে গিয়ে পানি লাইন দেয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শক লেগে গুরুতর অসুস্থ হন। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আগুন নিভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শক লেগে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছে। তাদেরকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি দেয়া হয়েছে । তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।