ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ১৬টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় খুলনার রূপসায় সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, ৮ ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত অবস্থায় থাকা সব পাটই পুড়ে গেছে।

অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং পাটকলটিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থা না থাকায় বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পরেই এসব জানা যাবে।

ফারুক হোসেন বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তাসংলগ্ন সালাম জুট মিলে আগুন লাগে। পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। একইসঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকরা ভয়ে পাটকলের গুদাম থেকে বেরিয়ে আসেন।

ফারুক হোসেন জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে আরো দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। যোগ দেয় নৌ বাহিনীরও ২টি ফায়ার ইউনিট। 

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করে শত কোটি টাকা ক্ষতির দাবি করেছে পাটকলটির মালিক পক্ষ।