সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সিলেট) এর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টায় দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় মোট ৯৩৩ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বার (প্রতিটি স্বর্ণ বারের ওজন প্রায় ১১৬/১১৭ গ্রাম) আটক করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩ মাসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি কার্যক্রমের মাধ্যমে প্রায় ২১ কেজি ৩৪৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা তৎপর রয়েছে।










