কক্সবাজারের টেকনাফ
পৌরসভা সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও
বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এরই মধ্যে মিয়ানমারের রাখাইনে অনেক
ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা।
সোমবার (৬ মে) সকাল
থেকে থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিকট শব্দে টেকনাফ
পৌরসভার বাড়িঘর কাঁপছে এবং
স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার বাসিন্দা সামি জাবেদ বলেন, 'মিয়ানমারের মর্টারশেলের শব্দে মনে হচ্ছে যেন ঘরের সামনে পড়ছে! সোমবার সকাল থেকে গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ পৌর শহর। আমরা খুবই আতঙ্কে রয়েছি।'
টেকনাফ পৌরসভার ১নং
ওয়ার্ড নাইট্যং পাড়ার বাসিন্দা ইদ্রিস ওয়াহিদ বলেন, ‘সকাল থেকে গোলাগুলি ও মর্টারশেলের বিস্ফোরণ অনেক ভয়ানক
হচ্ছে! আমরা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছি তারা খুব আতঙ্কে রয়েছি।'
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, 'সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তাদের সংঘর্ষ চলমান রয়েছে। তবে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি টেকনাফ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।'










