প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনো মারা গেছেন। শুক্রবার রাত ২টা ৫ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মৃত্যু হয় তার (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি জানান, ‘প্রবীণ বামপন্থী নেতা রনো তার ধানমন্ডির বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ অনুভব করলে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।’
হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ছাত্র থাকাকালে কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি ১৯৬৩-৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৬ সালে তিনি সরাসরি শ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়েন। হায়দার আকবর খান রনো রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকি সাহিত্য ও বিজ্ঞানের ওপরও অনেক বই লিখেছেন। তিনি ২০২২ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন।










