আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন বলেছেন, কঠোর পরিশ্রম ও সময় মেনে চললে জীবনে সাফল্য আসবেই। প্রতিটি কর্মীকে স্বপ্ন দেখতে হবে যে কীভাবে উন্নতি করবে। কেননা স্বপ্ন না দেখলে জীবনে উন্নতি সম্ভব হয়ে ওঠে না।
গতকাল বিকালে যশোরের ব্র্যাক সেন্টারে আয়োজিত আকিজ বেকার্স লিমিটেড খুলনা বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মীদের উদ্দেশে সেখ নাসির উদ্দিন বলেন, মার্কেটিং পলিসির অন্যতম হলো সম্পর্কোন্নয়ন। দোকানির সঙ্গে ওতপ্রতভাবে মিশতে হবে। কোয়ালিটি সার্ভিস থাকলে প্রতিষ্ঠান এগোবে। আর প্রতিষ্ঠান ভালো থাকলে আশা করছি কর্মীরাও ভালো থাকবে। আসুন, আমরা সবাই মিলেমিশে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখি। দেশের অর্থনৈতিক উন্নয়ন হলে সবাই ভালো থাকব। মানুষের কর্মসংস্থান হবে।
আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ জামিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাভলু, আকিজ বেকার্স লিমিটেড খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, এরিয়া ম্যানেজার ওহিদুজ্জামান, মো. শাহিন, ইফতেখার জুয়েল প্রমুখ।










