ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। খবর বাসস।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন। তবে মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন নির্ধারণ করেন।

মামলায় ডিবি পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান এবং ফয়সাল আলী।

তাদের মধ্যে সাইদুল করিম মিন্টু ছাড়া বাকি ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সব আসামি কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর তার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার বরাহনগর থানায় একটি জিডি করেন। এরপর ২২ মে কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি রুমে রক্তের চিহ্ন পাওয়া যায়। তবে সেখানে আনারের মরদেহ পাওয়া যায়নি।

২২ মে আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে।