চলতি মাসের মাঝামাঝি ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি হবে তার প্রথম ঢাকা সফর। সফরে তিনি জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করাসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। 

বৃহস্পতিবার (৯ মে) লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।

এতে আরো বলা হয়, প্রথমে ভারতের চেন্নাই সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কনস্যুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলংকার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরো গভীর করতে কলম্বো সফর করবেন। সেখানে তিনি শ্রীলংকার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

লু ঢাকায় তার সফর শেষ করবেন। যেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশীদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করাসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।