প্রযুক্তির শুধু ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্ভাবক হওয়ার জন্য স্নাতকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেন্টারে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার প্রফেসর লুৎফুর রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীর সংখ্যায় এখন ব্যাপক তারতম্য নেই। দেশের সব বিশ্ববিদ্যালয়কেই গবেষণার সুযোগ দিতে হবে। জ্ঞান সৃষ্টিতে গবেষণা খুবই জরুরি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মান অর্জন করেছে। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচিত, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সক্ষমতা অর্জন করেছে তাদের গবেষণার সুযোগ দেয়া।’