এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণালংকার ছিনতাই হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ীর নাম মো. আনোয়ার। দোকান থেকে বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে চারটি গুলি লেগেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।










