লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটকদের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৬৮ জন অনিয়মিত বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের অনেকে বিভিন্ন সময়ে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশী নাগরিকদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইএমও’র কর্মকর্তারা অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের জানানোর জন্য প্রত্যাবাসিতদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আইএমও’র পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশীকে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএমও যৌথভাবে কাজ করে যাচ্ছে।