অননুমোদিত স্টিকারসংবলিত যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি ট্রাফিক বিভাগ। গত ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৩ হাজার ১৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে তারা। এর মধ্যে রয়েছে ৩৬৩টি অননুমোদিত স্টিকার, ৪৬১টি ফিটনেসবিহীন ও ২ হাজার ৩৫০টি অবৈধ যানবাহন। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ বিভাগ) এসএম মেহেদী হাসান।

তিনি বলেন, ‘পুলিশসহ বিভিন্ন বাহিনী, সরকারি-আধা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অপরাধ করতে না পারে এজন্য অপরাধ প্রতিরোধে অননুমোদিত স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। ঢাকার রাস্তায় বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ, সাংবাদিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামে অননুমোদিত স্টিকার ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেকের আত্মীয়-স্বজনরাই এমন স্টিকার ব্যবহার করছেন। এসব স্টিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নয়। জননিরাপত্তার স্বার্থে এক ধরনের হুমকি বলে মনে হচ্ছিল। এসব স্টিকার ব্যবহার করে কোনো অপরাধ সংঘটন করে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল। এসব কিছু মাথায় রেখেই ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান শুরু করেছে। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চলমান থাকবে। এ পর্যন্ত ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ট্রাফিক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘গুলশানে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে, যা উত্তর সিটি করপোরেশনের আওতায় পরিচালনা করা হচ্ছে।’