একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, সবকিছু মিলিয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই। আমি ভিভিআইপি, ভিআইপিদের বিদায়ের পরে ঢাকাবাসীকে আসার অনুরোধ করছি। তার জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা মনে করছি, ১২টা ৪০ থেকে ১২টা ৪৫— এই সময়ের ভেতরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ অন্য ভিআইপিদের কার্যক্রম শেষ হয়ে যাবে। তারপর সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।
তিনি বলেন, এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, এ সময়টা যেন একটু মেনে আসেন। তাহলে ওনাদেরও একটু কষ্ট কম হবে। গেদারিংটাও কম হবে। সবদিক দিয়ে আমরা এ ইভেন্টের নিরাপত্তা দিতে সক্ষম হব।
এর আগে প্রতি বছরের মতো এ বছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে এবং শহীদ মিনারে কয়েক স্তরে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। কমিশনার বলেন, প্রতিবারের মতো এবারো প্রথমে ভিভিআইপি, ভিআইপি ও তারপর জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত অর্থাৎ পশ্চিম পাশ থেকে উন্মুক্ত করে দেয়া হবে।
শহীদ মিনারকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, আমাদের চারপাশে প্রায় এক কিলোমিটার রেডি আছে, যাতে সেখানে গাড়ি প্রবেশ করতে না পারে। যেহেতু এখানে ব্যাপক জনসমাগম হবে, সেজন্য মূলত সাতটা স্থানে রোড বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশিবাজার ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হবে। এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া। শুধু পলাশী থেকে জগন্নাথ হল হয়ে শহীদ মিনারে যেতে পারবেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর হয়ে বের হতে পারবেন। নরমালি সন্ধ্যা ৬টায় সড়কগুলো বন্ধ করে দেয়া হয়। এবার সেটাকে পিছিয়ে সর্বশেষ ৯টা বা ৮টায় বন্ধ করা হবে। সেটা নির্ভর করে শাহবাগ এলাকায় কোনো আন্দোলন বা অবরোধ থাকবে কিনা, সেটা হলে ক্লিয়ার করে আমরা বন্ধ করব সর্বশেষ ৯টায়।










